অনিন্দিতা

অনিন্দিতা, তোমাকে দেখলাম আজ বড়
বেশি বিমর্ষ ক্যাম্পাসে |
নীলক্ষেত মোড়ে সবুজের টংয়ের কিনারে
চায়ে চুমুক নেই, হাসির গন্ধও নেই
মনে হয় তুমি অথৈ দুঃখের ভেলায় ভাসছো…
ভালোবাসার শেয়ার বাজার ডুবে গেছে,
নাকি দরপতন ঘটেছে ইচ্ছেদের?
আমাকে দেখেও উঠে দাঁড়ালে না!
চাপা চাপা গলায় কথা বললে না একবার,
খোঁপায় প্রিয় জবা নেই , হাতে নীল রঙের রেশমী চূড়ি নেই, কবিতার কোনো আলাপ নেই, প্রিয় কোনো বইও নেই সাথে |
ফাগুন চলে যায় অথচ একদিনও ফালগুণী সাজলে না প্রিয় বাসন্তি রঙে |
সব উপেক্ষিত, কেমন যেন আনমন!
তুমি ফিরে দেখলে না, সময়ও দেখলে না, দেখলে না আশপাশ |
দুঃখী পাখির মতন যেন খাঁচায় বন্দী, হাত পা -ইচ্ছে- গুটিয়ে চুপচাপ বসে লাইব্রেরীতে |
অনিন্দিতা, তোমাকে কেনো এত বেশি বিমর্ষ দেখলাম?
কি দুঃখ তোমার? কেমন যেনো কুঁকড়ে যাচ্ছ!
জীবনের সিঁড়ি ভেঙে পড়েছো?
হোঁচট খেয়েছো কি ভীষণ?
নাকি তোমার রুমমেট নিনিতার ধর্ষিত মৃত্যু দেহটা আয়না হয়ে ভেসে উঠে!
কী ব্যথা তোমাকে স্পর্শ করেছে বলো?

প্রিয় বর্ণ, না দুঃখ নেই, কোনো দুঃখ
কিন্তু দেশ লুটপাট হওয়ার মতন সব চুরি হয়ে গেছে!
চুরি হয়ে গেছে নবজাতকের হামাগুঁড়ি,
বসন্ত আর কোকিলের ভালোবাসা
নির্জন পথ, এক চিলতে রোদ, আকাশের রঙধনু
উত্তাল হাওয়া, সবুজের দোল, মিষ্টি হাসি…
যা আছে শুধু ক্ষমতা আর যৌনতার তামাশা |
বর্ণ, সব চুরি হয়ে গেছে সবকিছু
খুন হয়ে গেছে মিথ্যের শাণে সত্যের অনুভূতি
চুরি হয়ে গেছে আমাদের বলে সবকিছু
চুরি হয়ে গেছে তোমার পিছু নেয়া পথ
চুরি হয়ে গেছে মানবতা, মনুষ্যত্ব – মত!
চুরি হয়ে গেছে মায়ের কোল
চুরি হয়ে গেছে ভালো থাকার সমস্ত প্রহর
জীবনের স্বপ্ন- মমতা- যত্ন আর এই শহর |
ভালো নেই আমি, একদম ভালো নেই
কে আছে, কোথায় যাবো বলো ?
কি দামে মিটাবো সব দেনা, কোথায় পাবো মাটি?
বলো দুঃখ কবর দেই!

1 thought on “অনিন্দিতা”

  1. Mizan Rahman Borno

    আলহামদুলিল্লাহ! যে বা যারা আমার এ লেখাটা বিহঙ্গে ছাপিয়েছেন তাদেরকে অতল ভালোবাসা জানালাম।

Leave a Reply to Mizan Rahman Borno Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top