মেঘ চিরে উড়ে গেল সার ধাতব পাখি
ধ্বস্ত দালানে চাপা বালক একাকী
ঊর্ধ্বে দেখে প্রার্থিত খেলনার বিমান
যমদূতরূপে এসে ছুড়ে মৃত্যূবাণ
গুঁড়ো হয় একে একে নগর পরিমিতি
ভেঙ্গে টুকরো স্কুলের ‘ইকরা’ গ্রাফিতি
পায়ে জখম কাঁদে খুব ফিলি-কন্যা জারা
মাকে ধরে নিয়ে গেছে সদ্য পিতা হারা
ছোট মুষ্টি চেপে ধরা মানচিত্র-পাথর
কররেখায় কেটে বসে বুনে নিচ্ছে ঘর
সেই ঘর রুখে দিবে আগ্রাসের ধাঁধা
মুখে রক্ত মনে দ্রোহ জপে ‘ইন্তিফাদা’
