বকুল প্রিয় বন্ধু আমার, বকুল ছিল ভাল,
হাসি খুশির মজার ছেলে, ছড়িয়ে দিত আলো।
চোখ ছিল তার কাজল কালো, মন ছিল তার নদী
ফুলেল সুবাস বিলিয়ে দিত বকুল নিরবধি।
কী মায়াবী কিশোর সেযে কী মায়াবী মুখ,
বকুল ছিল বন্ধু আমার, ভাবতে লাগে সুখ!
উড়ন্ত এক লাখির ডানার মত জোড়া ভুরু
টুকটুকে তার ফর্সা গালে তিলটা উড়ু উড়ু।
বকুল সবার প্রিয়, সবাই বাসত ভাল তাকে,
শান্ত সুবোধ এমন ছেলে যায়না পাওয়া লাখে।
যখন এলো একাত্তরের দিন বদলের পালা,
বকুল হঠাৎ পাল্টে গেলো, বলল ‘আগুন জ্বালা’!
দেশকে স্বাধীন করতে হবে, জ্বালল আগুন চোখে,
যুদ্ধে যাবে, যাবেই বকুল কে আর তাকে রোখে।
এ দেশটাকে করতে স্বাধীন বুক পেতে নেয় গুলি,
দুঃখ শোকের সেই ইতিহাস কেমন করে ভুলি!
হয়তো সবাই ভুলেছে তার আত্মত্যাগের কথা,
হাজার বকুল যুদ্ধ করে আনলো স্বাধীনতা।
কবেই বকুল হারিয়ে গেছে, সেই সে একাত্তরে,
বকুল হয়ে ফোটে বকুল, বকুল হয়ে ঝরে!
