মহাকালের সীমানা পেরিয়ে

বুকের গহীনে ঝড় তোলা এক দুর্দান্ত প্রেম তুমি,
তাই প্রভুর দয়ায় পূর্ণ যে আজ শূন‍্য হৃদয় ভূমি।
প্রভাতবেলায় স্নানের শেষেও দীঘল কালো কেশে,
রাত্রি জুড়ে তোমার ছোঁয়ার পেলবতা থাকে মিশে।
যখন ছিলে না তুমি এ জীবনে, ভাবতাম প্রতি ক্ষণে,
কি আর হবে অলকদামে, রূপপিয়াসী প্রেমিক বিনে?
হঠাৎ একদা ঘনঘোর কেটে প্রভাকর রূপে এলে,
নিমিষেই মরা শ্মশানকে ভরা উদ‍্যানে রূপ দিলে।
কাজলধোয়া চোখের কোণে জমলো সুখের বৃষ্টি,
উপলব্ধি করেছি সেদিনই, কেনই বা হলাম সৃষ্টি।
তোমার নামের আবীর দিয়ে কপালে যে টিপ পরি,
শাড়ির ভাঁজে, ঠোঁটের লাজে তোমাকেই স্মরণ করি।
আমার এ বুকের উষ্ণতা যত, তোমাতেই ধরা দিতে,
শত জনমের আবেগে বাঁধিব নিদারুণ এই শীতে।
প্রেমের ফাগুন বইবে সতত, অয়োময় নিবিড় বাঁধনে,
বসন্তগানে মুখরিত এ হৃদে প্রেমালাপ হবে আনমনে।
শারদ প্রভাতের কাশফুলে ঢাকা নির্মল পরিবেশে,
আবক্ষ তোমায় রাখব জড়িয়ে, সুখসায়রে ভেসে ভেসে।
ময়ূরপঙ্খী নায়ের মাঝি, যেও না কো কভু ভুলে,
পরজনমেও প্রভুর সমীপে চাইবো দু’হাত তুলে।
জান্নাতের অপার নাজ-নিআমাত নাই বা দিলেন প্রভু,
তুমি বিনে যেন কাটাতে না হয়, এক মুহূর্তও কভু।
মহাকালের সীমানা পেরিয়ে ত্রিলোকে, হোক এ প্রীতির জয়,
পত্র-পুষ্পে সুশোভিত প্রেম সুরভীতে হোক অক্ষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top