বিজয় এবং বিজয়

তারও আগের গানটিও ছিলো আমাদের সম্ভ্রান্ত বিজয়ের
ছিলো আমাদের স্বকীয়তায় পল্লবিত বৃক্ষের সারি
আমাদের ইতিহাসের এক আশ্চর্য নাম ষোলো ডিসেম্বর
তোমরা তো জানোই কিভাবে বিজয় শব্দটি
আমাদের স্বাধীনতার উৎসব নিশ্চিত করেছে
বিজয় দিয়েছে একটি সবুজ মানচিত্রের সুখ
যেভাবেই দেখো একটি এমন এক বিজয়
যে আমাদের দিয়েছে
আরো বিজয়ের ধ্বনি

মৌমাছির মন্ত্রমুগ্ধ গান সেও কি বিজয়ের এবং
বিজয় উঁচিয়ে অজস্র সংগ্রামের পরিপূর্ণ নদী?
যার বুকে রক্তের আগুন! বারুদগন্ধী স্বাধীনতার উচ্ছাস?
বিজয় বিজয় বলে আমিও ধরেছি গান
আমিও বিছিয়েছি অযুত সংগীতের সেতার
শোনোনি আমার কণ্ঠের গীতিকা?
দেখো শর্ষের মাঠের ওপর বাতাসের ঢেউ
সেও তো বিজয় ধ্বনির এক আশ্চর্য নিশান

আগামী পৃথিবী তোমাকে ডাকছে
ডাকছে শ্যামল এই বাংলাদেশ
যার মমতায় বিঁধে আছে আমাদের যাবতীয় স্বপ্নের ঘ্রাণ
বিজয়ই তো আমাদের স্বপ্নের কথা বলতে শিখিয়েছে
এসো কণ্ঠে কণ্ঠ রেখে বলো বিজয় বিজয়
আমাদের তোমাদের সকলের বিজয় এবং
বিজয়

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top