স্বাধীনতা মুক্ত পাখি
দরজা-খোলা খাঁচা
ধল প্রভাতে দিন কি রাতে
বীরচেতনায় বাঁচা।
স্বাধীনতা শ্বেতকপোতী
শঙ্খচিলের ডানা
ঝলমলানো স্বর্ণালি রোদ
স্বচ্ছ শামিয়ানা।
স্বাধীনতা সাফ-জলাশয়
পাবদা-পুঁটির নাচা
ফুল-পাতাতে উপচে পড়া
কুমড়ো- লাউয়ের মাচা।
স্বাধীনতা বাউরি বাতাস
ঝাউ-বীথিকায় ছোটা
জুঁই-চামেলি-শাপলা-বেলির
পাপড়ি মেলে ফোটা।
স্বাধীনতা জোছনা-আকাশ
শ্বেতবলাকার ওড়া
সাঁঝমালতি, লালজবা আর
সূর্যমুখীর তোড়া।
স্বাধীনতা চৈতালি চাঁদ
স্নিগ্ধ সজল আঁখি
দূর নীলিমার সন্ধ্যাতারা
সোহাগ মাখামাখি।
স্বাধীনতা শান্ত দিঘী
শানবাঁধানো সিঁড়ি
পান-চিবানো রঙিন-দাদুর
বসতে দেয়া পিঁড়ি।
স্বাধীনতা উদাস দুপুর
রাখাল ছেলের বাঁশি
শিশিরভেজা সবুজ ঘাসে
বউটুবানি হাসি।
স্বাধীনতা মিষ্টিবিকেল
বিষ্টি-রোদের খেলা
চুপ চুপ চুপ চড়ুইভাতি
মধুর ছেলেবেলা।
স্বাধীনতা পালতোলা নাও
হাল ধরা মনমাঝি
কালবোশেখি ঝড়-তুফানে
একলা যেতে রাজি ।
স্বাধীনতা ঝর্ণাধারা
উছলে ওঠা নদী
ঢেউ-তির-তির এগিয়ে চলা
নিত্য নিরবধি।
স্বাধীনতা রঙধনু রঙ
সপ্তরঙা আলো
মেঘ গুড় গুড় বর্ষা শেষে
ফর্সা আকাশ ভালো।
স্বাধীনতা ইচ্ছেখাতা
খোকার আঁকিবুকি
ভরদুপুরে কলসিকাঁখে
জলকে চলা খুকি।
স্বাধীনতা স্বর্গভূমি
পুণ্য বসতবাটি
বুকভরা সুখ-স্বপ্ন-আশা
পায়ের তলায় মাটি।
