কী সুন্দর ফোটে ফুল বারান্দার টবে
নানা রঙ পাখি এসে শিস দেয় মগডালে বসে।
কতনা নিভৃতে আরো নয়নাভিরাম কুঁচফল গাছে গাছে ধরে
আলো খেয়ে, বায়ু মেখে তারা ক্রমাগত যেতে থাকে পেকে।
আরো কতো দূরে বহু বহু গ্রহতারা ঘোরে,
তাকে তাকে ঘিরে কৃষ্ণগুহা ওঁতপাতে ছায়াপথ ঘেঁষে,
সাদা সাদা বেলুনের মতো মনে হয় যেন পূর্ণিমা চন্দ্রিমা ভাসে
আকাশে আকাশে।
দিনে দিনে বেড়ে চরকা বুড়ির মতোই পেকে যায় তাহাদের চুল।
সুন্দর সুন্দরসব সোনার হরিণ বনে বনে ধরে রাখে প্রাণ,
ও দিকে চঞ্চল নদীপাড় ধরে বাঘেরা দিতেছে দাঁতে দাঁতে শান।
আহারে! আহারে! দেখো, সোনা সোনা বেদানা বাগান,
রোদে রোদে যত ফল পেকে যায় শেষে।
তবে কি সন্ধ্যার কালে সকল সৃজনি গাছে কালা রঙ পাখি এসে
খেয়ে যায় ফল!
